
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এই অস্থিরতা তৈরি হয়েছে, যা তেলের দামকে সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি নিয়ে গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে লেনদেন হয়েছে। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।