
সৌদি আরবের শারুরাহ এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। রোববার দিবাগত মধ্যরাতে হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে এবং টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ওই ঘাঁটির অস্ত্র গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকক্ষ। সারি আরও জানান, প্রতিটি হামলা নির্ভুলভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে হুথিরা উল্লেখ করেছে।
এই লড়াই অব্যাহত থাকলে সৌদি আরবের আরো গভীরে হামলার হুমকি দিয়েছেন হুথি মুখপাত্র। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতের সামরিক অভিযানগুলো আরো বড় পরিসরে ও তীব্রতর হবে।
প্রতিনিধির নাম 

























