
বগুড়ার কাহালুতে পূর্ব শত্রুতার জেরে এক সবজি চাষির দেড় শতাধিক সিমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রতন প্রামাণিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকড় ইউনিয়নের কুশলিহার গ্রামের সবজি চাষি মো. মিজানুর রহমান এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুশলিহার গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রতন প্রামাণিক ও মিজানুর রহমান গ্রামের উত্তর মাঠে পাশাপাশি জমিতে সবজি চাষ করে আসছেন। চলতি মৌসুমে মিজানুর রহমান ১২ শতক জমিতে সিমের চাষ করেন। ইতোমধ্যে গাছগুলো সিম ধরার উপযোগী হয়ে উঠেছিল।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিজানুর রহমান তার সবজি ক্ষেতে গিয়ে দেখতে পান, রোপণ করা সিমগাছগুলো কেটে ফেলা হয়েছে। এ দৃশ্য দেখে তিনি হতাশ হয়ে বিষয়টি গ্রামবাসীকে জানান। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা সিমগাছগুলো দেখতে পান।
মিজানুর রহমানের দাবি, তার প্রায় দেড় শতাধিক সিমগাছ কেটে ফেলায় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রতন প্রামাণিক এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ইয়ুথ ডেস্ক 



















