
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. ইমরান (২৮)। তিনি বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৫০), যিনি বিটিসিএলের যন্ত্রপাতি বহনকারী পিকআপ ভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কাচিয়া গ্রামে। বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে মহাসড়কের ঢাকামুখী লেনে ইন্টারনেট সংযোগের মেরামতের কাজ করছিলেন বিটিসিএল কর্মীরা। এ সময় তাঁদের পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। হঠাৎ বেপরোয়া গতির একটি বালুবোঝাই ট্রাক প্রথমে ইমরানকে চাপা দেয় এবং পরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয় এবং পিকআপের ভেতরে থাকা জাকির হোসেন আঘাত পান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল আবছার জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষে মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের পরিবারের স্বজনরা সীতাকুণ্ডে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধির নাম 

























