
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ অর্থের অভাবে গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। অর্ধেকের বেশি কাজ শেষ হলেও তহবিল সংকটে বাকি নির্মাণকাজ থমকে আছে। এতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাহ মাঠের মিনারের মূল অবকাঠামোর একটি বড় অংশ নির্মাণ করা হয়েছে। তবে মিনারের বাকি অংশের নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনো শেষ হয়নি। নির্মাণাধীন অবস্থায় রড ও সিমেন্টের পিলারগুলো খোলা পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঈদগাহ মাঠ কমিটির সদস্য সাইফুল ইসলাম জানান, গ্রামের মানুষের নিজস্ব অনুদান ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মিনারটির নির্মাণকাজ শুরু করা হয়েছিল। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের অভাবে গত ছয় মাস ধরে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আসন্ন ঈদের আগে নির্মাণকাজ শেষ করার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা এখন অনিশ্চিত।
ঈদগাহ কমিটির দায়িত্বশীল সদস্য ও রড-সিমেন্ট ব্যবসায়ী মো. তাহেরুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের এই মাঠে ঈদের সময় হাজারো মানুষ নামাজ আদায় করেন। মিনারটি অর্ধেক নির্মাণ হয়ে পড়ে আছে, দেখতেও খারাপ লাগে। আমাদের একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।”
ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কাহার আহম্মেদ শাহীন মিয়া জানান, মিনারের নির্মাণকাজ শেষ করতে আনুমানিক আরও তিন লাখ টাকা প্রয়োজন। সরকারি অনুদান কিংবা কোনো দানশীল ব্যক্তির সহায়তার আশায় রয়েছেন তারা। প্রয়োজনীয় অর্থ পাওয়া গেলে পুনরায় নির্মাণকাজ শুরু করা হবে।
স্থানীয়রা জানান, নয়ানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ঈদের নামাজ আদায়ের অন্যতম প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই অসমাপ্ত মিনারটির নির্মাণকাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসক, সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 





















