
গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে অসহায় ও দুস্থ বয়স্ক নারী-পুরুষের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত আঞ্জুমান মফিদুল ইসলামের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন উপকারভোগী বয়স্ক নারী-পুরুষের প্রত্যেকের হাতে বয়স্ক ভাতার নগদ অর্থ তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট এ.এস.এম. হুমায়ন ইকবাল সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম একটি ইসলামী জনকল্যাণ সংস্থা। বেওয়ারিশ লাশ দাফন, মরদেহ ও রোগী পরিবহনে ২৪ ঘণ্টা বিনামূল্যে বা স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা এবং অসহায়-দরিদ্রদের সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল করতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সভাপতি আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমানসহ অন্যরা।
এর আগে, আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ের মূল ফটকের সামনে ‘পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় তিনি ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 




















