
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে ছেলে জয় ঢালী হত্যার এক মাস ২০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্জনীমহল শহীদের মোড় সংলগ্ন ঢালী বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
একদল দুর্বৃত্ত আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে গত ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ৯টার দিকে একই এলাকার শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) একদল যুবক চায়ের দোকানের সামনে প্রথমে পায়ে আঘাত করে। পরে তাকে গলা কেটে ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা করেন।
ছেলের নির্মম মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এক মাস ২০ দিনের মাথায় একই এলাকায় পিতাকেও গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
স্টাফ রিপোর্টার 



















