
বিশ্বের ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘এনআরবি ওয়ার্ল্ড’। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠনটি মূলত দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘ক্যাফে দ্য লুনা’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ১১ অক্টোবর, রোববার বিকেলে অনুষ্ঠিত এই সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের অ্যাডভাইজার কাজী এনায়েত উল্লাহ ইনু, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এর কনভেনর মমিনুল হক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের অর্জিত পেশাগত সাফল্য, দক্ষতা এবং বিনিয়োগের সম্ভাবনাকে কীভাবে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের কাজে লাগানো যায়, সেটিই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। ২০১৪ সালে সিঙ্গাপুরে আয়োজিত ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’-এর মাধ্যমেই প্রবাসীদের নিয়ে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের চিন্তাটি প্রথম সামনে আসে। এরপর ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ধারাবাহিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটি তার কার্যক্রম এগিয়ে নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই নেটওয়ার্ক আজ বিশ্বের ৫০টিরও বেশি দেশে বিস্তৃত। প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য। তবে সংগঠনটির ধারণা ও কার্যক্রমের ভিত্তি তৈরি হয়েছিল আরও কয়েক বছর আগে। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের সঙ্গে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর ক্ষেত্র তৈরি হয়েছে। বিশ্বের যেখানেই কোনো বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করুন না কেন, তাঁর সেই অভিজ্ঞতা ও অর্জনের সুফল যেন বাংলাদেশও পায়—এমন একটি কার্যকর সংযোগব্যবস্থা গড়ে তুলতে চায় সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬’ অনুষ্ঠিত হবে। ‘Think Bangladesh’ বা ‘বাংলাদেশকে ভাবুন’ স্লোগানকে সামনে রেখে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের সাথে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল অনাবাসী বাংলাদেশিকে এই সামিটে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। মূলত প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও মেধাকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই এই সামিটের অন্যতম লক্ষ্য। সংবাদ সম্মেলনে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সংগঠনটি মনে করে, প্রবাসীরা শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না; দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেন। পরবর্তী সময়ে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের নীতিনির্ধারকদের যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয় এনআরবি প্রফেশনাল সামিট। সম্মেলনে ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিনিধির নাম 

























