
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলার ঘটনা ঘটলেও, ইরানের সাথে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে বলে পুনরায় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তার মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং পরিস্থিতি তাদের অনুকূলেই আছে।
ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে বিপর্যস্ত। তিনি দাবি করেন যে, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা এবং তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। দেশটির নেতৃত্বের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উল্লেখ করেন, ইরান তাদের প্রথম সারির নেতাদের হারিয়েছে। এরপর দ্বিতীয় সারির নেতাদের দায়িত্ব দেওয়া হলেও তারাও নিহত হয়েছেন। এমনকি তৃতীয় সারির নেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এবং তাদের অর্ধেকই মারা গেছেন বলে তিনি দাবি করেন।
ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে তাকে আর কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তিনিও তা পালনের কথা দিয়েছেন। তবে চলমান হামলার কারণে আলোচনার প্রেক্ষাপট কিছুটা জটিল হয়েছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি হয়তো কিছুটা বেশি দূর এগিয়ে গেছে, যার জন্য তিনি দুঃখিত। কারণ, এখন এটি স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে কার সাথে আলোচনা করা হচ্ছে। তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল।
যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টিও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তেলের দাম যে এতটা বাড়বে তা তিনি আগে ধারণা করতে পারেননি। তবে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরপরই জ্বালানির দাম দ্রুত কমে আসবে বলে পুনরায় আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
প্রতিনিধির নাম 

























