
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে দায়িত্ব পালনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে ওই রাতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন তারা। এ সময় নতুন যোগদানকারী কনস্টেবল রোহিত ভুলবশত এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ঢুকে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে এএসআই ইমরানও বিএসএফের কব্জায় পড়েন বলে জানা গেছে।
আটক দুই পুলিশ সদস্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফের সাথে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ ও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করছেন।
প্রতিনিধির নাম 



















