
জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়ায় কলম্বিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কলম্বিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জেরুজালেমের মর্যাদা বিষয়ক জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো প্রচেষ্টা কাতার প্রত্যাখ্যান করে। জেরুজালেমের বর্তমান অবস্থা পরিবর্তনের চেষ্টা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেরুজালেমের কূটনৈতিক মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কিত ইস্যু। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছে। এই বাস্তবতার প্রেক্ষাপটে যেকোনো নতুন কূটনৈতিক মিশনের স্থাপনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।
প্রতিনিধির নাম 

























