
পলাশবাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে এক ব্যক্তির নাম ও ছবি দিয়ে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদুল ইসলাম (৩৩)-এর নাম ও ছবি ব্যবহার করে ‘পলাশবাড়ীর তাজা খবর’ ও ‘সত্যের অঙ্গীকারবদ্ধ’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের দাবি, অজ্ঞাত ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব পোস্টের মাধ্যমে তাঁদের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সম্মানহানি করছেন। এতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে তাঁরা জানান।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা 



















