
বগুড়ার কাহালু উপজেলার ঐতিহ্যবাহী ধলাহার সার্বজনীন দুর্গা মন্দিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
মন্দির কমিটির সভাপতি সজীব চাকি সেতু জানান, “ধলাহার মন্দিরের এই দুর্গাপূজা কোনো সাধারণ আয়োজন নয়; এটি প্রায় ৫০০ বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের ধারক। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সার্বজনীন এই পূজা উদযাপিত হয়ে আসছে।”
পূজাকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন প্রতিমা দর্শন ও মায়ের আশীর্বাদ নিতে।
পূজা উদযাপন যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম সর্বক্ষণ দায়িত্ব পালন করছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী জানান, অসাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে প্রতিবছরের মতো এবারও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান 



















