
আশিক হাসান সীমান্ত, রাজবাড়ী: কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ছেলের পর মা মনসা বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী। শনিবার দুপুর ১ টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার বলেন, এক বছর পুর্বে মনসা বিশ্বাসের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার দুপুরে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওই পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।