
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লন্ডনে বুধবার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনলাইনে যুক্ত হওয়ার প্রসঙ্গ উঠলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এটি যুক্তরাজ্য সরকারের কোনো আয়োজন নয়। এ বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকার অবহিত করবে। এ ধরনের কার্যক্রমকে ‘মূল্যহীন’ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থান করে লন্ডনে ভার্চুয়ালি কথা বলা বা কর্মকাণ্ড চালানো কোনো কাজের কথা নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট জায়গায় সরকার বিষয়টি জানাবে।
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, যারা পালিয়ে যান কিংবা বিতাড়িত হন, তাদের রাজনীতি শেষ হয়ে যায়। তার ভাষায়, গত ১৫ বছরে শেখ হাসিনা জনগণের ওপর ব্যাপক ‘অত্যাচার’ চালিয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। পাশাপাশি, তার পরিবার ও দলীয় অনুগত নেতাদের মাধ্যমে দেশে ভয়াবহ লুটপাটের অভিযোগও তোলেন তিনি।
সবশেষে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, পালিয়ে যাওয়ার মাধ্যমে তাদের রাজনীতির ইতি ঘটেছে এবং বাংলাদেশে তার ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
প্রতিনিধির নাম 
























