
জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদলের নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট ইসলামনগরে এ ঘটনা ঘটে। মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
নিহত ব্যক্তির নাম বিপ্লব আহমেদ (৩০)। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক।
পরিবার, স্থানীয়, পুলিশ ও বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বিপ্লব নিজের বাড়িতেই ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। পরে বিপ্লবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিপ্লবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান। তিনি বলেন, সন্ত্রাসীরা তাঁকে বাড়ির বাইরে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।