
ভোটারদের আস্থা বৃদ্ধি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা নিশ্চিত হবে। কে সংসদ সদস্য হবেন, তা আর কোনো ব্যক্তি বা দল ঠিক করবে না। সাধারণ ভোটাররাই তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে দেশের প্রতিনিধি নির্বাচন করবেন। যারা ভোটারদের অধিকার খর্ব করতে চাইবে, তারা স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে চিহ্নিত হবে।
তিনি আরও বলেন, আসন্ন গণভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে নয়। রাষ্ট্রীয় সংস্কারকে স্থায়ী ও টেকসই করতে জনগণের সরাসরি রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতেই এই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা। এতে স্থানীয় সুধীজন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।