
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা থেকে রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং বাজারের অলিগলির বেহাল অবস্থায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোনারপাড়া চারমাথা থেকে বাজার হয়ে রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত এই সড়কটি দিন-রাত ব্যস্ততম হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন ট্রেনযাত্রীসহ ছোট-বড় যানবাহন, অটোরিকশা ও রিকশার অবাধ চলাচল থাকলেও বর্তমানে সড়কের করুণ অবস্থার কারণে তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে কাদা ও জমে থাকা পানির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাজারের ভেতরের অলিগলিতে হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। মাছ বাজার ও কাঁচাবাজার এলাকাতেও একই চিত্র, যেখানে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে দীর্ঘসময় পানি জমে থাকে।
এ অবস্থায় বাজারের ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে। ক্রেতা সংকটে অনেক দোকানির বিক্রি কমে গেছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী আব্দুল জলিল তোতা জানান, জলাবদ্ধতা ও কাদার কারণে ক্রেতারা বাজারে আসতে অনাগ্রহী হওয়ায় ঈদ মৌসুমেও প্রত্যাশিত বিক্রি হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে এবং অনেকেই কেনাকাটার জন্য দূরের বাজারমুখী হচ্ছেন।
তবে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন কাজের বিষয়ে চেষ্টা চলছে। দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।