
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৩। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে দিনাজপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ঢাকাগামী ‘নাবিল পরিবহন’ বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো ৫৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—ঝালকাঠির রাজাপুর উপজেলার মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর কোতয়ালী থানার সাহাদাত হোসেন (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।