
গাইবান্ধা সদর হাসপাতালে পুরাতন ভবনের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল চত্বরে জমে থাকা নোংরা পানির কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে বয়স্ক রোগী, শিশু ও জরুরি বিভাগের রোগীদের হাসপাতালে প্রবেশ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই পানি মাড়িয়ে হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বারবার অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান তারা। হাসপাতালে আসা একাধিক রোগীর স্বজন জানান, চিকিৎসা নিতে এসে যদি এমন দুর্ভোগে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যায়। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।