
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি প্রায় এক মাস আগে ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অফিস কক্ষ থেকে এক শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। পরে তারা অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অনৈতিক কাজে প্ররোচিত করছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।