
গাইবান্ধা সদর উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমন (৪০)-কে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জুন গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলায় সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং স্থানীয় বাসিন্দা জাকির হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ৭ জুন গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।