
মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। সই করার পর বার্সেলোনার বাণিজ্যিক কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন এই তরুণ ফরোয়ার্ড।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আবদেলকারিম। দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এই খেলোয়াড় ৮ মার্চ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উস্কার বিপক্ষে অভিষেকেই গোল করেন। মাত্র ছয়টি লিগ ম্যাচে নয়টি গোল করার পাশাপাশি মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ওই ম্যাচ দিয়েই বার্সেলোনা ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিয়ে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি। সবশেষ গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে লা লিগায় প্রতিযোগিতামূলক অভিষেক হয় আবদেলকারিমের।
প্রতিনিধির নাম 

























