
ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্মিলিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে তিনি এই গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে এ অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করে তিনি বলেন, নিরাপত্তার প্রচলিত ধারণা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি স্পষ্টভাবে বলেন, ইরান আমাদের প্রতিবেশী। উপসাগরীয় দেশগুলো ও ইরানকে অন্তর্ভুক্ত করে এমন একটি নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যেখানে কেউ একে অপরের জন্য হুমকি হবে না। তিনি মনে করেন, এই অঞ্চল আর আগের মতো চলতে পারে না; বরং দায়িত্বশীলভাবে কাজ করার মাধ্যমে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সুসম্পর্ক নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি জানান, কাতার এবং তার আঞ্চলিক অংশীদারেরা এ ধরনের নিরাপত্তাব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক সহযোগিতার পরিধি ও গুরুত্ব আরও বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই যুদ্ধ সবার জন্য একটি বড় সতর্কবার্তা এবং এই কাঠামো বাস্তবায়নের জন্য এখনই সঠিক সময় বলে মন্তব্য করেন তিনি।
কাতার মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমঝোতা এগিয়ে নিতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সংকট নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ চলমান থাকবে। এই নিরাপত্তা পরিকল্পনা যেন স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করে, সেই লক্ষ্যেই দোহা কাজ করে যাচ্ছে।
প্রতিনিধির নাম 

























