
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকলেও নিজের প্রেম বা বিয়ের বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে টালিপাড়ার অন্দরে তার বিয়ে নিয়ে বেশ জোরেশোরেই কানাঘুষা চলছে। গুঞ্জন রয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন জনপ্রিয় এই অভিনেত্রী।
মিমির হবু স্বামীর পরিচয় নিয়ে চলছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, তার নাম সিদ্ধার্থ দত্ত। তিনি শোবিজ জগতের মানুষ নন, বরং পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার ছেলে সিদ্ধার্থ পড়াশোনা করেছেন ক্যালকাটা বয়েজ স্কুলে। পরবর্তীতে মেরিন ইঞ্জিনিয়ারিং শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে ক্যারিয়ার গড়ে তোলেন। ২০০৮ সালের মার্চ মাস থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এ যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে ওই বহুজাতিক কোম্পানিতে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন সিদ্ধার্থ।
টলিপাড়ার গুঞ্জন, শীতের আমেজকে সঙ্গী করে পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে ভক্তদের মাঝে যেমন আগ্রহের শেষ নেই, তেমনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ায় সেই আলোচনা আরও উসকে দিয়েছে। দাবি করা হচ্ছে, ভাইরাল ওই ছবিতে মিমিকে তার হবু সঙ্গীর সঙ্গেই দেখা গেছে, যেখানে টলিপাড়ার বন্ধুদেরকেও তাদের পাশে দেখা গিয়েছিল।
পূজার সময় থেকেই মিমি ও সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে চর্চা রয়েছে। যদিও এমন সব গুঞ্জন এবং ভাইরাল ছবি ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে এখন পর্যন্ত মিমি বা সিদ্ধার্থ — কেউই মুখ খোলেননি। বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
প্রতিনিধির নাম 

























