
টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও বহুল চর্চিত জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ ১২ বছর পর আবার পর্দায় ফিরছেন। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। তবে ছবিটির মুক্তির ঠিক আগেই এক গুরুতর ও বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন সুপারস্টার দেব, যা নিয়ে এখন বিনোদন দুনিয়ায় তোলপাড় চলছে।
দেবের দাবি, কিছু অসাধু চক্র ইউটিউবার ও চলচ্চিত্র সমালোচকদের টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে ছবিটির ‘নেগেটিভ রিভিউ’ বা নেতিবাচক প্রচার করার জন্য প্রস্তাব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করে দেব ভক্ত ও দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দেব লিখেছেন, “আগামীকাল ‘দেশু ৭’-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন — কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।”
এবারের পূজার দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-কে বক্স অফিসে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।
এই ত্রিমুখী লড়াইয়ের বাজারে প্রতিযোগীদের কেউ বা কোনো পক্ষ অসাধু উপায়ে ছবির ক্ষতি করার চক্রান্ত করছে কি না, তা নিয়ে এখন টলিউডপাড়ায় জোর আলোচনা চলছে। তবে দেব-শুভশ্রী জুটির কামব্যাক ঘিরে ভক্তদের দীর্ঘদিনের যে উন্মাদনা রয়েছে, তা এই চক্রান্তের বিরুদ্ধে বড় ঢাল হিসেবে কাজ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
প্রতিনিধির নাম 

























