
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী যৌথ অভিযানে ১৩১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত চলা এ অভিযানে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৮ রাউন্ড গুলি, ১২টি ককটেল, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।