
রাজধানীতে বেপরোয়া অটোরিকশা চলাচলের পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীদের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে ছদ্মবেশে সক্রিয় হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে ওই দলের নেতারা বিভিন্ন বিষয়ে অত্যন্ত অশ্লীল বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন। সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। নূরুল ইসলাম মনির মতে, প্রতিবারই সংকটের সময় বিএনপি দেশকে এগিয়ে নিয়েছে এবং বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ‘‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’’।
দেশে বর্তমানে যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট চলছে, তার জন্য বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছেন চিফ হুইপ। তিনি জানান, এই সংকট নিরসনে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, গত দুই বছর হামের টিকা ঠিকভাবে দেওয়া হয়নি। বর্তমান সরকারকেই এখন সেই অবহেলার খেসারত দিতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিনিধির নাম 

























