
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক স্মারকে বুধবার (১২ আগস্ট) এ নির্দেশনা দেওয়া হয়। এতে শপিংমল, মার্কেট ও দোকানগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।