
দেশে চলমান গ্যাস-সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আরও ১৫০টি নতুন গ্যাসকূপ খনন এবং তিনটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, গ্যাস-সংকট মোকাবিলায় মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ধাপ শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু করা হবে। জ্বালানি নিরাপত্তা জোরদারে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এলএনজি ও ইস্টার্ন রিফাইনারি প্রকল্প
- এলএনজির সক্ষমতা বাড়াতে বর্তমানে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি নতুন টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
- দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে।
সম্প্রতি ব্যবসায়ী ও শিল্প সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে উঠতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। এছাড়া সংবাদ সম্মেলনে মুডিসের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ হওয়া, মূল্যস্ফীতি কমে আসা এবং প্রবাসী আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির কথাও তিনি তুলে ধরেন।
প্রতিনিধির নাম 
























