
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো নিজ জেলা ফেনী সফরে বের হয়েছেন তারেক রহমান। এদিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাসভবন থেকে সড়কপথে পৈতৃক ভিটা ফেনীর পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তার এই দিনব্যাপী সফরকে কেন্দ্র করে পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুরো সফরের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য।
সফরের সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করার কথা রয়েছে তার। এরপর ফেনীর তিন উপজেলার সরকারি দপ্তরের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন তিনি। দুপুর সোয়া ১টায় তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার প্রকল্পের আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত মূল জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
প্রতিনিধির নাম 
























