
দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। যে বা যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উক্ত আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে। এই নির্দেশের মধ্য দিয়ে বিএনপি’র এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী সতর্ক করলেন যে, বিএনপিতে কোনো দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের অপচেষ্টা এবং ইসিবি চত্বরে আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই তিন সংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল। এই সাংগঠনিক পদক্ষেপের মাধ্যমে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে ছাড় না দেওয়ার বার্তা দিয়েছে বিএনপি। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের মধ্যে যারা দখল ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রমাণিত অপরাধের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনায় মাঠপর্যায়ে নেতৃত্বের জবাবদিহি ও দলীয় শৃঙ্খলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অপরাধ প্রমাণিত হলেই সাংগঠনিক ব্যবস্থাসহ বহিষ্কার করা হবে। অন্যদিকে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত ও নেতাদের বহিষ্কারের ঘটনা ঘিরে নানা আলোচনা চলছে সংগঠনগুলোর ভেতরে। ইতিমধ্যে নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই কমিটির ভেঙে দেয়ার ফলে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাসের প্রশ্ন উঠেছে। নতুন কমিটিতে কারা আসছেন এবং তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে— এসব প্রশ্ন দেখা দিয়েছে।
তদন্তে অপরাধের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টি এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়া ও জমি দখলের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে যথাযথ আইনি ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, অপরাধী যেই হোক, সরকার এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক ছাড় দিচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের প্রধান অগ্রাধিকার এবং যেকোনো দুষ্কৃতকারীকে কঠোর হাতে দমনের প্রস্তুতি রয়েছে সরকারের। যদি কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে।
উল্লেখ্য, গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় পরা প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি সশস্ত্র দল মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। এই ঘটনার নেপথ্যে স্থানীয় সাবেক কাউন্সিলর ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠজনদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জানা গেছে, তিনি নিজেও এই দখল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ফেরদৌসী আহমেদ মিষ্টির স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও একসময় মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং ঘটনাস্থল মিরপুরেই তাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া প্রয়াত ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন পিন্টু ছিলেন ফেরদৌসী আহমেদের বড় ভাই।
সংবিধানের ধারা অনুযায়ী পদত্যাগপত্র গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির সংসদ সদস্য পদ কার্যকরভাবে বাতিল হয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। বিএনপি’র মনোনীত ৩৬ জন সংরক্ষিত নারী সদস্যের মধ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টি অন্যতম ছিলেন। গত ৩০শে এপ্রিল সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর ৩রা মে তারা শপথ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, সরকার অত্যন্ত নির্মোহভাবে সব ধরনের অন্যায় ও দখলবাজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। এই কঠোর অবস্থানের মূল উদ্দেশ্য হলো জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
প্রতিনিধির নাম 
























