
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়, এরপর প্রধানমন্ত্রী মঞ্চে অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানের বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের মাঝে স্মারক উপহার প্রদান। এছাড়াও স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের প্রান্তিক শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারিও পরিদর্শন করবেন তিনি। মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।
প্রতিনিধির নাম 
























