
ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় সভায়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
এছাড়া সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
প্রতিনিধির নাম 
























