
মাদারীপুরের শিবচরের বাখরেকান্দি এলাকায় শুক্রবার বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবু জাফর মৃধা (৫৫) এবং তার ছেলে অনিক মৃধা (১৪) প্রাণ হারিয়েছেন। অনিকের উন্নত চিকিৎসা এবং ব্যবসার কাজে গার্মেন্টসের মালামাল কিনতে তারা ঢাকায় যাচ্ছিলেন। তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নে। জাফর মৃধা মির্জাগঞ্জ সদর এলাকার নান্নু শপিং কমপ্লেক্সে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অনিক মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীতে পড়ত। ছেলের চিকিৎসা ও গার্মেন্টসের দোকানের মালামাল আনার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে গেলে চালক ও হেলপার সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এই সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও ১৫ থেকে ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিয়ে শিবচর হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রতিনিধির নাম 

























