
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক উপমন্ত্রী ও মুন্সীগঞ্জ-৩ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আ. হাই। গত বুধবার দিবাগত রাত ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত ৯টায় মুন্সীগঞ্জের মুক্তারপুরের মিরেশ্বরাই সামাজিক কবরস্থানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে দাফন করা হয়। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রয়াত এই রাজনীতিবিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বাদ মাগরিব মুন্সীগঞ্জ জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামীর সহসভাপতি মাওলানা নূর হোসেন নূরানী। দ্বিতীয় জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং কেন্দ্রীয় নেতা সাজু কামাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাতুর হয়ে ওঠে। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আজম রুহুল কুদ্দুস, সেক্রেটারি ফখরুদ্দিন রাজী এবং গণ অধিকার পরিষদের মহাসচিব মনসুর আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রয়াত আ. হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন এবং তার বড় ছেলে ইফতেখারুল আলম রিপন উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী, মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্যবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও জেলা পূজা উদযাপন পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিনিধির নাম 

























