
কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এই সমন্বিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে সেখানে এই অভিযান চালানো হয়েছে। এ সময় ২৫২ জনকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, উঠতি বয়সের তরুণ ও কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আটকদের অপরাধের ধরণ ও সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার পর জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ ধাপের এই অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া অপরাধে সরাসরি সম্পৃক্ত থাকার দায়ে ৬২৬ জনকে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।
প্রতিনিধির নাম 

























